- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামে দলীয় প্রভাব খাটিয়ে প্রতিবেশীর গাছ কেটে ফেলা ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার রুদ্র বয়ড়া গ্রামের বাসিন্দা মৃত কছিম উদ্দিন সরকারের ছেলে গণ মিয়ার লাগানো সুপারি ও আম গাছ কেটে ফেলা হয়। পাশাপাশি বাঁশের খুঁটির সঙ্গে স্থাপিত প্লাস্টিকের নেটের বাউন্ডারিও ভেঙে ফেলা হয়।
রোববার (৫ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবারের দাবি করেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার একই এলাকার আব্দুর রহিমের ছেলে ও পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মানিক মিয়া, তার বড় ভাই মামুন এবং এক শ্রমিককে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এ ভাঙচুর ও গাছ কাটার ঘটনা ঘটান। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আজাদুল কবীর দাবি করেন, দলীয় পরিচয়ের প্রভাব দেখিয়ে এ ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মানিক মিয়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমার বড় ভাই মামুন এ কাজটি করেছে।”
তবে স্থানীয়দের মতে, তার এই বক্তব্যে ঘটনার দায় আংশিকভাবে পারিবারিকভাবে স্বীকারের ইঙ্গিত পাওয়া যায়।
এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন বলেন, “দলীয় পরিচয় ব্যবহার করে যদি কেউ অন্যায় বা ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.