ধনবাড়ীতে একাধিক প্রশাসনিক দায়িত্বে অসামান্য সাফল্য: জনমানুষের আস্থার প্রতীক এসিল্যান্ড সায়েম ইমরান

নিজস্ব প্রতিবেদক এস.এম আব্দুর রাজ্জাক

কোনো কাজে নেই বিন্দুমাত্র অবহেলা, চোখেমুখে নেই কোনো ক্লান্তির ছাপ। দিন হোক বা রাত, জনগণের সেবায় তিনি সবসময় প্রস্তুত। দেখে মনে হয় যেন তিনি ভিনদেশি বা দূরের কোনো প্রশাসক নন, বরং এই ধনবাড়ীরই কাদামাটির একান্ত আপন কোনো জনপ্রতিনিধি। বলছিলাম টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বর্তমান সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মো. সায়েম ইমরানের কথা।

গত ৫ আগস্টের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যখন সর্বত্র একটি শূন্যতা তৈরি হয়েছিল, তখন থেকে অদ্যবধি প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব একহাতে পরম নিষ্ঠার সঙ্গে পালন করে ধনবাড়ীবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

একহাতে বহুমুখী দায়িত্ব পালন: সরকারের নির্দেশপ্রাপ্তির পর থেকে এই বিসিএস কর্মকর্তা দিনরাত এক করে জনগণের মুখে হাসি ফোটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একজন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিজ দপ্তরের বিশাল দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ধনবাড়ী পৌরসভার প্রশাসকের গুরুদায়িত্বও অত্যন্ত সফলভাবে পালন করে যাচ্ছেন।

এর আগে তিনি উপজেলার যদুনাথপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং সম্প্রতি তা হস্তান্তর করেন। শুধু তাই নয়, প্রশাসনে বদলিজনিত কারণে যখন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) পদ শূন্য ছিল, তখন তিনি ভারপ্রাপ্ত ইউএনও হিসেবেও ধনবাড়ী উপজেলার হাল ধরেছিলেন শক্ত হাতে। এতো দায়িত্ব একসঙ্গে পালন করার পরও সেবার মানে কোনো ঘাটতি হতে দেননি এই কর্মকর্তা।

জনবান্ধব প্রশাসন কঠোর আইন প্রয়োগ: সততা, ন্যায়নিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে তিনি ধনবাড়ীর আমজনতার অত্যন্ত প্রিয় মানুষ হয়ে উঠেছেন। সরকারি জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভেজালবিরোধী অভিযান এবং বাজার নিয়ন্ত্রণে তাঁর পরিচালিত নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত জনস্বার্থে ব্যাপক প্রশংসনীয় অবদান রাখছে। যেকোনো দুর্যোগ বা প্রয়োজনে সাধারণ মানুষ তাকে খুব সহজেই পাশে পান।

উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ সচেতন মহলের প্রত্যাশা: ধনবাড়ীর সচেতন মহল মনে করেন, দুর্দিনে প্রশাসনের এই শক্ত হাতিয়ার যেভাবে হাল ধরেছেন, তা সত্যিই বিরল। স্থানীয়দের দাবি, মো. সায়েম ইমরানের মতো সৎ, দক্ষ, সাহসী এবং জনবান্ধব কর্মকর্তাকে প্রশাসনের আরও উচ্চতর পদে পদায়ন করা হলে তা দেশ ও জাতির জন্য ব্যাপক মঙ্গলজনক হবে।

তাঁর এই নিরলস সেবার মানসিকতা এবং প্রশাসনিক দক্ষতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ। ধনবাড়ীর মানুষ আশা করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁর এই অসামান্য কর্মনিষ্ঠার যথাযথ মূল্যায়ন করবেন।

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.