গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার ॥ প্রাইভেট কার সহ আটক ৩

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা বড়ি, ফেন্সিডিল, ইনজেকশন সহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে। এসময় পুলিশ মাদক পাচার ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে একটি প্রাইভেট কার সহ ৩ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টীম উপজেলার কামারদহ ইউপির মাস্তা গ্রামে অভিযান চালিয়ে আন্ত: জেলা পেশাদার মাদক ব্যবসায়ী উপজেলার তুলশীপাড়া গ্রামের গ্রামের মৃত রহিম উদ্দিনের পুত্র ফরিদুল ইসলাম (৩২) কে ৮৫০ পিছ ইয়াবা ও ৫০ গ্রাম হিরোইন সহ আটক করে। এসময় তার অন্য ৩ সহযোগী পালিয়ে যায়। আটক ফরিদুলের বিরুদ্ধে কক্সবাজার ও গাইবান্ধায় পৃথক ৫টি মাদকের মামলা রয়েছে।

একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ হিলি থেকে ছেড়ে আসা বগুড়াগামী মায়ের দোয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ৩১৮ পিছ নেশা জাতীয় ইনজেকশন সহ উপজেলার মহাদেবপুর পানবাড়ী গ্রামের মছির উদ্দিনের পুত্র জাহিদুল ইসলাম (৪৫) কে আটক করে।

এছাড়াও গোবিন্দগঞ্জ থানা পুলিশ শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অপর একটি অভিযানে হিলি থেকে আসা একটি প্রাইভেট কার (ঢাকা- মেট্রো-খ-১১-৫৪৬৩) এর গ্যাস সিলিন্ডারের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৮০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী কার চালক বগুড়া সদর উপজেলার রাজাপুর এলাকার আতাউর রহমানের পুত্র শাহিন সরদার (৩০) কে প্রাইভেট কার সহ আটক করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসাৃন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.